পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছয়দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এতে করে কর্মচাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে বন্দর এলাকায়। তবে ঈদের আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরো দুয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। গতকাল দুপুর ১২টায় ভারত থেকে আমদানীকৃত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। তবে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও ভারতে রাস্তা সংস্কারকাজ চলমান থাকায় বিলম্ব হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করে আমদানি রফতানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা। সে অনুযায়ী বন্দর দিয়ে ওই সময়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। তবে আমদানিকারকদের চাহিদা অনুযায়ী শুধু ১৯ এপ্রিল একদিন বন্দরের ভেতরে আটকে থাকা পণ্য খালাস করার সুযোগ দেয়া হয়েছিল।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ‘‌পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ ছিল না। যথারীতি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিল।’