জার্মানিতে ফেব্রুয়ারিতে অপ্রত্যাশিতভাবে কমেছে খুচরা বিক্রি। প্রথম প্রান্তিকে ভোক্তা ব্যয়ে এগিয়ে থাকা দেশটির অর্থনীতিতে পুনরুদ্ধারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, খুচরা খাতের বিক্রির পতনে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। খবর রয়টার্স।

এর আগে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন, ফেব্রুয়ারিতে জার্মানির খুচরা বিক্রি দশমিক ৩ শতাংশ বাড়বে। কিন্তু সেই লক্ষ্যের বিপরীতে আগের মাসের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ কমেছে। 

ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটিতে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে খাদ্যপণ্য বিক্রি কমেছে ১ দশমিক ৭ শতাংশ। খাদ্যবহির্ভূত অন্যান্য পণ্যের বিক্রি কমেছে ১ শতাংশ। একই সময়ের মধ্যে অনলাইনে বিক্রি কমেছে ২ দশমিক ৮ শতাংশ।

এদিকে গবেষণা সংস্থা জিএফকে ও নুরেনবার্গ ইনস্টিটিউট ফর মার্কেট ডিসিশনসের (এলআইএম) এক জরিপে বলা হয়েছে, এপ্রিলে জার্মানির খুচরা খাতে বিক্রি সামান্য বাড়তে পারে। 

মূল্যস্ফীতি কমে এলেও উচ্চ অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে জার্মান নাগরিকদের কেনাকাটার মনোভাব এখনো চাঙ্গা হয়নি। ফলে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও পণ্য বিক্রিতে বড় ধরনের উল্লম্ফনের সম্ভাবনা শিগগিরই নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

এলআইএমের ভোক্তা বিশ্লেষক রোলফ বুয়ারক্ল বলেন, ‘ভোক্তা অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের কার্যকর উপায় হলো প্রকৃত আয় বৃদ্ধি ও স্থিতিশীল শ্রমবাজার। কিন্তু জার্মানিতে এখনো এ বিষয়ে পরিকল্পনা ও আশাবাদের অভাব রয়েছে।’