নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী মঙ্গোলিয়ার কয়লা রফতানি খাতে রীতিমতো ধস নামিয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। করোনা মহামারীর দ্রুত লাগাম টানা সম্ভব না হলে চলতি বছর দেশটির কয়লা রফতানি খাতে বড় ধরনের আর্থিক লোকসানের সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা। খবর সিনহুয়া ও রয়টার্স।

মঙ্গোলিয়ার কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সাম্প্রতিক প্রদিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়ে ভূসীমান্তবেষ্টিত দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ১২ লাখ টন কয়লা রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমেছে ৪৬ দশমিক ৪ শতাংশ।

কয়লা মঙ্গোলিয়ার অন্যতম শীর্ষ রফতানি পণ্য। চীনের বাজারে সবচেয়ে বেশি কয়লা রফতানি করে দেশটি। মূলত স্থলসীমান্ত পথে চীন-মঙ্গোলিয়ার কয়লা বাণিজ্য সম্পন্ন হয়। চলতি বছরের শুরুর দিকে চীন থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া এড়াতে স্থলসীমান্ত সিলগালা করে দেয় মঙ্গোলিয়া সরকার। ওই সময় দীর্ঘদিন দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্য পুরোপুরি বন্ধ ছিল।

পরবর্তী সময়ে চীনে করোনা মহামারীর প্রকোপ কমে এলে সীমান্ত খুলে দিয়েছে মঙ্গোলিয়া। শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। তবে চীনের সঙ্গে দীর্ঘদিন বাণিজ্য বন্ধ থাকার প্রভাব পড়েছে মঙ্গোলিয়ার কয়লা রফতানিতে। চলতি বছরের প্রথম সাত মাসে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি ৪৬ শতাংশের বেশি কমেছে।