ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ ও গ্রাহকদের শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা দেয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির গুলশান সার্কেল-১ শাখাকে ইসলামী ব্যাংকিং শাখা ঘোষণা করা হয়েছে। নতুন নামে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ‘গুলশান সার্কেল-১ ইসলামী ব্যাংকিং শাখাটি’ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আহমদ এনায়েত মনজুর। সম্মানিত অতিথি ছিলেন ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখাপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের সাবেক শীর্ষ নির্বাহী শফিউল আলম খান চৌধুরী বলেন, ‘ইসলামী ব্যাংকিং হলো নৈতিকতা, স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার ওপর প্রতিষ্ঠিত একটি ব্যাংকিং ব্যবস্থা। গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে পূবালী ব্যাংক এ কার্যক্রম সম্প্রসারণ করছে। নতুন এ শাখার মাধ্যমে গুলশান এলাকার গ্রাহকরা শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের আরো সুযোগ পাবেন।’ এছাড়া গ্রাহকদের আস্থা অর্জন, উন্নত সেবা নিশ্চিত করা এবং ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা যথাযথভাবে অনুসরণের মাধ্যমে শাখাটিকে নির্ভরযোগ্য সেবা কেন্দ্রে পরিণত করার আশাবাদ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা উত্তরের অঞ্চলপ্রধান ও মহাব্যবস্থাপক একেএম আবদুর রকীব; ইসলামী ব্যাংকিং উইংয়ের মহাব্যবস্থাপক ও শরিয়াহপ্রধান মো. কামারুজ্জামান এবং মহাখালী করপোরেট শাখার মহাব্যবস্থাপক কাজী শাশ্বতী ইসলাম।










