যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমেছে ১ কোটি ২৫ লাখ ব্যারেল। পরিশোধন কার্যক্রম ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ১৯ মে শেষ হওয়া সপ্তাহে মজুদ কমার এ ঘটনা ঘটেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন।

রাশিয়ার ওপর থেকে নির্ভরতা কমাতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়াচ্ছে। ফলে দেশটিতে এ জ্বালানির রফতানি চাহিদা বেশি।

এর আগে এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইট এক জরিপে জানিয়েছিল দেশটিতে ওই সপ্তাহে মজুদ পাঁচ লাখ ব্যারেল করে কমতে পারে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট জানিয়েছিল ৬৮ লাখ ব্যারেল কমার কথা। কিন্তু মজুদ কমার হার এসব ধারণাকেও ছাড়িয়ে গেছে।

ওই সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দৈনিক এক লাখ ব্যারেল করে বেড়েছে। দৈনিক উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ব্যারেলে। বছরের শুরু থেকেই উত্তোলন গড়ে দৈনিক ১ কোটি ২২ লাখ থেকে ১ কোটি ২৩ লাখ ব্যারেলে স্থিতিশীল।

এদিকে উত্তোলন বাড়ায় দেশটির আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেল করে কমেছে। দৈনিক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ লাখ ব্যারেলে। এর মধ্যে গালফ কোস্ট অঞ্চলে আমদানি দৈনিক ৪ লাখ ৪১ হাজার ব্যারেল করে কমে দৈনিক ১০ লাখ ব্যারেলে নেমেছে।