দুই বছরের মধ্যে ৩০টি নতুন স্টোর খোলার পরিকল্পনা নিয়েছে মার্কিন রিটেইল প্রতিষ্ঠান ম্যাসি’স। অবশ্য স্টোর স্থাপনের জন্য নির্বাচিত স্থান এখনো প্রকাশ করা হয়নি। তবে আগামী বছর নতুন স্টোর চালুর প্রক্রিয়া শুরু হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। খবর সিএনবিসি।
অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সাম্প্রতিক দিনগুলোয় মধ্যম আয়ের মার্কিনরা ব্যয় কমানোর নীতি গ্রহণ করেছে। এছাড়া অনেক ভোক্তাই অনলাইন শপিংয়ে আগ্রহী হয়ে উঠছেন। ফলে দিন দিন স্টোরে শপিংয়ের পরিমাণ কমে আসছে। ম্যাসি’সের জন্য বাড়তি প্রতিবন্ধকতা হয়ে দেখা দিয়েছে বিষয়গুলো। এমন সময়ে নতুন স্টোর চালু করে বাজারে শক্তিশালী অবস্থায় ফিরতে চায় ম্যাসি’স।
ম্যাসি’স চিফ স্টোর অফিসার মার্ক ম্যাস্ট্রোনার্দি জানান, আপাতত ছোট আকারের স্টোরগুলোই ভোক্তাবিষয়ক সমস্যার সমাধান হতে পারে। ছোট স্টোরগুলো আকারে শপিংমলের বড় স্টোরগুলোর এক-পঞ্চমাংশ। ফলে ছোট স্টোর পরিচালনা করা তুলনামূলক সহজ।
কোম্পানির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ জেনেট পাঁচটি বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন। স্টোরগুলোকে শপিং মলের বাইরে সম্প্রসারণ, নতুন প্রাইভেট ব্র্যান্ড হিসেবে পরিচয় তুলে ধরা, অনলাইন মার্কেটপ্লেসের জায়গা তৈরি করা, বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা ও গ্রাহক যোগাযোগ তৈরি। বিশ্লেষকরা বলছেন, রিটেইল চেইনটি তরুণ-তরুণী ভোক্তাদের আকৃষ্ট করতে প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে।










