সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে আগস্টে হোটেল পূর্ণ হওয়ার হার ৬৫ দশমিক ২ শতাংশে পৌঁছেছে। এ সময়ে হোটেলের কক্ষপ্রতি আয় হয়েছে ২১৮ দশমিক ৯ দিরহাম (৫৯ ডলার ৬০ সেন্ট)। গত জুলাইয়ের তুলনায় এ আয় বেশি। পাশাপাশি ২০১৯ সালের আগস্টের তুলনায়ও চলতি বছরের একই সময়ে আয়ের পরিমাণ ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। হোটেল অ্যানালিটিকস প্রোভাইডার এসটিআরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এসটিআরের প্রাথমিক তথ্য অনুসারে, আগস্টে দৈনিক গড় আয়ের হার ৩৩৫ দশমিক ৪৯। আয়ের এ হার ২০২১ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি হয়েছে। যদিও এ হার মাসিক হিসাবে গত বছরের সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

এসটিআরের প্রতিবেদনে বলা হয়, আবুধাবির হোটেল শিল্প আগের মাসের তুলনায় পূর্ণ হওয়ার রেকর্ড করেছে। তবে এ সময়ে কক্ষপ্রতি আয়ের হার কমেছে। দুবাইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ রোববার এক টুইটারে বলেন, ইউএইর অতিথি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হোটেল পূর্ণ হওয়ার হার প্রসারিত হয়েছে। চলতি বছরের প্রথমার্ধে পর্যটকের সংখ্যা ৪২ শতাংশ বেড়ে ১ কোটি ২০ লাখে উন্নীত হয়েছে।

শেখ মোহাম্মদ বিন রশিদ আরো বলেন, ইউএইর পর্যটন খাতের আয় চলতি বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৯০০ কোটি দিরহামে পৌঁছেছে। আগামী শীত মৌসুমে এ খাত শক্তিশালীভাবে প্রসারিত হবে বলে প্রত্যাশা রয়েছে।

ওই টুইটারে তিনি আরো বলেন, ইউএইর বর্তমান সূচক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কভিড মহামারীপূর্ব সূচকের তুলনায় শক্তিশালী হয়েছে। পাশাপাশি পর্যটন, বাণিজ্য ও উন্নয়ন খাতগুলোও ওই সময়ের তুলনায় বেড়েছে।

এসটিআরের তথ্য অনুসারে, ইউএইর অর্থনীতি চলতি বছরের প্রথম প্রান্তিকে ৮ দশমিক ৪ শতাংশে প্রসারিত হয়েছে। এটি প্রাথমিক পূর্বাভাসের চেয়ে বেশি। জ্বালানির উচ্চমূল্য, পর্যটন খাতে পুনরুদ্ধার, সম্পত্তি খাতে প্রবৃদ্ধি এবং কভিড নিয়ন্ত্রণে সফলতার কারণে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি ফিরেছে। এর মাধ্যমে ২০১১ সালের পর ইউএইর অর্থনীতি বার্ষিক হিসাবে সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে।

এদিকে আগামী ২০ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। এ বিশ্বকাপের কারণে দুবাই ও আবুধাবির হোটেলগুলোর আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি খেলা চলাকালীন নভেম্বর-ডিসেম্বরে বেশির ভাগ আবাসনই পরিপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছে, বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে সীমিত আবাসনের কারণে এ শহরগুলোয় হাজার হাজার দর্শকের আগমন ঘটবে।