আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে কানাডার জেনারেল মোটরস। এর আগে ধর্মঘটের ডাক দিয়েছিলেন প্রায় ৪ হাজার ৩০০ মোটরগাড়ি শ্রমিক। আগেরবার চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ধর্মঘট শুরু করেছিল ইউনিফোর। তবে এবার উভয় পক্ষই সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছেছে। খবর সিএনবিসি।

শ্রমিকদের এ ধর্মঘট প্রভাব ফেলেছে উৎপাদনে। ইঞ্জিন উৎপাদন, স্ট্যাম্পিং পরিষেবা ও যন্ত্রাংশ বিতরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হালকা ও ভারী গাড়ির অ্যাসেম্বলি কারখানাও নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। ইউনিফোর প্রেসিডেন্ট লানা পেইন বিবৃতিতে জানিয়েছেন, মূল সুবিধা যখন বন্ধ করা হলো, তখন জেনারেল মোটরসের কাছে টেবিলে বসে সমাধান করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

জেনারেল মোটরস কর্তৃপক্ষ বিবৃতি বলেছে, এ ‘‌রেকর্ড’ চুক্তির বিষয় ছিল সদস্যপদ অনুমোদন, মজুরি উল্লেখযোগ্য বৃদ্ধিসহ আমাদের প্রতিনিধিত্বকারী দলের সদস্যদের অবদানকে স্বীকৃতি দেয়া, কানাডিয়ান উৎপাদনে জিএমের বিনিয়োগের ওপর ভিত্তি করে শ্রমিকদের সুবিধা ও কাজের নিরাপত্তা দেয়া। ইউনিফোর জানিয়েছে, জিএমের সঙ্গে করা অস্থায়ী চুক্তিটি মূলত গত মাসে ফোর্ড মোটরসের সঙ্গে করা অনুমোদিত চুক্তি অনুসরণে হয়েছে।