কাতারে কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে কারিম। সোমবার গ্রাহকের কাছে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে সুপার অ্যাপটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের সময় ফুটবল ভক্তদের পরিবহনে ব্যবহার হয়েছে উবার, স্থানীয় ট্যাক্সি কোম্পানি কারওয়া ও কারিম ব্র্যান্ডের যানবাহনগুলো। কিন্তু বিশ্বকাপ শেষের দুই মাসের মধ্যেই কার্যক্রম গুটিয়ে নিচ্ছে দুবাইভিত্তিক কারিম।

মঙ্গলবার থেকে দুবাইয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ কারিমের। কাতারের গ্রাহকদের প্রতিষ্ঠানটি জানিয়েছে, যারা কোম্পানির কাছে অর্থ পাবে তাদের আগামী ১৫ মার্চের মধ্যে প্রদেয় অর্থ দেয়া হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কারিম জানায়নি কী কারণে কাতারে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে তারা।

দুবাইভিত্তিক অ্যারাবিয়ান বিজনেসকে কারিমের এক মুখপাত্র জানান, ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে কাতারে রাইড-শেয়ারিং সেবা প্রদান করবে না কারিম। কাতারের গ্রাহক ও ক্যাপ্টেনদের সেবায় আসতে পেরে এবং কাতারের অর্থনীতিতে অবদান রাখতে পেরে কারীম গর্বিত।

২০১৯ সালে ৩১০ কোটি ডলারে দুবাইভিত্তিক অ্যাপটি কিনে নিয়েছিল উবার টেকনোলজিস। ইউএইতে সুপার-অ্যাপ হিসেবে বিভিন্ন সেবা দিলেও কাতারে স্রেফ রাইড-শেয়ারিং সেবা দিয়ে আসছিল কারিম।