দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আবার শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় ভারত থেকে দুটি ট্রাকে করে মোট ৩৩ টন পেঁয়াজ আমদানি করা হয়।

হিলি স্থলবন্দরের সততা বাণিজ্যালয় নামের এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে এ পেঁয়াজগুলো আমদানি করে। বন্দরে এসব পেঁয়াজ পাইকারিতে ট্রাকসেল ৬৮-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গতকালও পেঁয়াজের আমদানি অব্যাহত ছিল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৫০ টন ৫০০ কেজি পেঁয়াজ আমদানি করা হয়েছে।

এদিকে এর আগে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় এবং কোরবানি ঈদ সামনে রেখে সম্প্রতি দেশী পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। ভারত থেকে পুনরায় আমদানি শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের দামে স্থিতিশীলতা ফিরে আসতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌মঙ্গলবার দুটি ট্রাকে ভারত থেকে ৩৩ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচাপণ্য, তাই রোদ, বৃষ্টি ও গরমে দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে দ্রুত যেন আমদানিকারকরা খালাস করে নিতে পারেন, এজন্য সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছে বন্দর কর্তৃপক্ষ।’

প্রসঙ্গত, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এরপর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। তবে চলতি বছরের ৪ মে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত। এরপর ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ২০ জন আমদানিকারক নতুন করে ২৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পান। পাঁচ মাস সাতদিন বন্ধের পর গত ১৪ মে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। তবে তার একদিন পরই আবার আমদানি বন্ধ করে দেয়া হয়।

লোকসানের আশঙ্কায় এতদিন হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। কারণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও পেঁয়াজ রফতানির ওপর ৪০ ভাগ শুল্ক আরোপ বহাল রেখেছিল ভারত সরকার। এছাড়া সে সময় দেশী পেঁয়াজের দামও কেজিতে ৬০-৬৫ টাকার মধ্যে ছিল। অন্যদিকে শুল্ক পরিশোধ করে ভারতীয় পেঁয়াজ আমদানি খরচই ছিল কেজিতে ৬৫-৭০ টাকা। দেশের বাজারে সাধারণত দেশী পেঁয়াজের চেয়ে ভারতীয় পেঁয়াজের দাম কম না হলে ক্রেতা সংকটে পড়তে হয়। তাই লোকসানের আশঙ্কায় এতদিন হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ছিল।

তবে সম্প্রতি দেশী পেঁয়াজর দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠতে শুরু করেছে। এরই মধ্যে কেজিতে ৮০ টাকা ছাড়িয়েছে দেশী পেঁয়াজের দাম। এছাড়া ঈদুল আজহা সামনে থাকায় দেশের বাজারে পেঁয়াজের চাহিদাও বাড়ছে। এসব কারণ বিবেচনা করে হিলি স্থলবন্দর দিয়ে আবার পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম বর্তমান ধারা বজায় রাখলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে।