বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে ১০ মে পর্যন্ত কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংকের। এ সময়ে ব্যাংকটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে ১১ মে রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে ব্যাংকটির লেনদেন বন্ধ থাকবে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। যেখানে আগের হিসাব বছরে লোকসান ছিল ২৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরে এ দায় ছিল ১৭ টাকা ৫৪ পয়সা। লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে এ বছরের ১৪ জুলাই সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে আইসিবি ইসলামিক ব্যাংক। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ১১ মে।

১৯৯০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির বর্তমান অনুমোদিত মূলধন দেড় হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৬৪ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসান ১ হাজার ৮৩০ কোটি ৬৩ লাখ টাকা।

 কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৬ কোটি ৪৭ লাখ ২ হাজার ৩০০। এর মধ্যে ৫২ দশমিক ৭৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, দশমিক ১৭ শতাংশ সরকার, ২২ দশমিক ২৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৪ দশমিক ৮০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে গত বৃহস্পতিবার আইসিবি ইসলামিক ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩ টাকা ৫০ পয়সা ও ৭ টাকা ৪০ পয়সা।