জেনেক্স ইনফোসিস পিএলসির পরিচালক নিলোফার ইমামের কাছে থাকা ৩০ লাখ শেয়ার সিটি ব্যাংক পিএলসির অনুকূলে হস্তান্তরের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ হস্তান্তর ৩ ফেব্রুয়ারি থেকে ৩০ কার্যদিবসের মধ্যে ট্রেডিং সিস্টেমের বাইরে সম্পন্ন হবে। ডিএসই সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, শেয়ারগুলো উপহার হিসেবে নয়, বরং ডিএসই (লিস্টিং) প্রবিধিমালা, ২০১৫-এর ৪৭(১)(ঘ) ধারার অধীনে এবং প্রযোজ্য অন্যান্য আইন মেনে হস্তান্তর করা হবে। এ ধারা অনুসারে, জব্দকরণ বা ঋণখেলাপির ক্ষেত্রে সংশ্লিষ্ট শেয়ারগুলো ডিএসই অনুমোদনের ভিত্তিতে ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা যেতে পারে।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেনেক্স ইনফোসিসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২০ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৭৩ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৪ লাখ ৫০ হাজার ২১। এর ৩০ দশমিক শূন্য ৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৭১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫১ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫২ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে জেনেক্স ইনফোসিসের ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৬২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ১১ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে জেনেক্স ইনফোসিসের ইপিএস হয়েছে ২ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩৮ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৪ শতাংশ স্টক ও ৬ শতাংশ নগদ লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে জেনেক্স ইনফোসিসের ইপিএস হয়েছে ৩ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৯ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ২৪ পয়সায়।