চলতি বছরে তাইওয়ানের আর্থিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে থাকবে। সম্প্রতি এমনই পূর্বাভাস দিয়েছে ক্যাথে ফাইন্যান্সিয়াল হোল্ডিং। মূলত রফতানি হ্রাসের ফলে ২০২৩ সালে প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। খবর ফোকাস তাইওয়ান।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত প্রতিবেদনে ক্যাথে ফাইন্যান্সিয়াল জানায়, ২০২৩ সালে তাইওয়ানের অর্থনীতি ১ দশমিক ৮ শতাংশ সম্প্রসারণ হতে পারে। ২০২২ সালের ডিসেম্বরে যেখানে পূর্বাভাস ছিল ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির। চলতি বছরে তাইওয়ানের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ২ শতাংশে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস ক্যাথে ফাইন্যান্সিয়ালের।

অভ্যন্তরীণ ভোগে ভর করে তাইওয়ানের অর্থনীতিতে গতিশীলতা থাকবে বলে আশা করা হচ্ছে। চীনের কভিড-১৯ বিধিনিষেধ থেকে বেরিয়ে আসা এবং অর্থনীতি উন্মুক্ত করার ঘটনাও এতে প্রভাব রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 

এপ্রিল থেকে বিদ্যুতে ১১ শতাংশ শুল্ক বাড়িয়েছে তাইওয়ান। এতে গৃহস্থালি ব্যয় বাড়ছে এবং যার প্রভাব পড়ছে সিপিআইয়ে। ২০২২ সালের মার্চের পর ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়িয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় ব্যাংক। একই সময়ে যুক্তরাষ্ট্রে সুদহার বেড়েছে ৪৭৫ বেসিস পয়েন্ট।