চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৮ শতাংশের বেশি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী,
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে আলিফ ইন্ডাস্ট্রিজের কর-পরবর্তী নিট মুনাফা
হয়েছে ৫ কোটি ৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪ কোটি
৬৯ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ৩৮ লাখ ৫৩ হাজার টাকা
বা ৮ দশমিক ২০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা
১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ১ টাকা ৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে
শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৮২ পয়সায়।
এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে
(জানুয়ারি-মার্চ) আলিফ ইন্ডাস্ট্রিজের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৭৭ লাখ টাকা।
যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ কোটি ৫৫ লাখ টাকা। আলোচ্য সময়ে
কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৩৫ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে সাধারণ
শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ২০২০ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে
আলিফ ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে ২০২০-২১ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৫
পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস
দাঁড়িয়েছে ২১ টাকা ৬৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২০ টাকা ২১ পয়সা।
এর আগে ২০১৯ হিসাব
বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল আলিফ ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে
৩ শতাংশ নগদ ও বাকি ৭ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের
২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল আলিফ ইন্ডাস্ট্রিজ। এছাড়া ২০১৭ হিসাব
বছরে ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
সর্বশেষ রেটিং
অনুযায়ী, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’।
৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত
কোম্পানিটির ব্যবস্থাপনা প্রতিবেদন ও ২০২২ সালের ১৭ এপ্রিল পর্যন্ত প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ
তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।
২০১৭ সালে পুঁজিবাজারে
তালিকাভুক্ত হওয়া আলিফ ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন
৪৪ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫১ কোটি ৬১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা
৪ কোটি ৪২ লাখ ৫১ হাজার ৬৬৯। এর মধ্যে ৩৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের
হাতে রয়েছে। ১২ দশমিক ২৯ শতাংশ প্রতিষ্ঠানিক ও বাকি ৫৪ দশমিক ৩৬ শতাংশ শেয়ার সাধারণ
বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের
সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৬ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২০ টাকা ৯০ পয়সা
থেকে ৬৭ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও শেয়ারদরের ভিত্তিতে
এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৩১ দশমিক ৯৩। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের
ভিত্তিতে যা ৩০ দশমিক ৮৭।










