সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা ‘দ্যুতি’ নতুনভাবে সাজিয়েছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় ‘দ্যুতি সেভিংস অ্যাকাউন্ট’ নতুন সুবিধাসহ চালু করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো চালু করা হয়েছে ‘দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট’।

‘দ্যুতি’ চালুর পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ ব্যাংকিং সেবা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। এবার সেবাটি আধুনিকায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং লেনদেন আরো সহজ, দ্রুত ও সুবিধাজনক করার উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন ‘দ্যুতি সেভিংস অ্যাকাউন্টে’ গ্রাহকরা প্রথম বছর বিনা মূল্যে একটি ভিসা মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড পাবেন। এছাড়া আন্তঃনগর লেনদেন ও খুদে বার্তার মাধ্যমে সতর্কবার্তার জন্য কোনো ফি দিতে হবে না। মাসিক গড় ব্যালান্স ৫০ হাজার টাকা রাখলে অ্যাকাউন্ট পরিচালনার ফিও দিতে হবে না।

এ অ্যাকাউন্টে প্রতি মাসে সুদের পাশাপাশি ‘আস্থা’ অ্যাপ ব্যবহার এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা নেয়ার সুবিধা থাকছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট’ও যুক্ত করা হয়েছে। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বেতন পাওয়া কর্মকর্তারা এ অ্যাকাউন্টের বিশেষ সুবিধা পাবেন। অন্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে পাঁচবার বিনা মূল্যে টাকা তোলা যাবে। প্রথমবারের মতো ১০ পাতার একটি চেকবইও বিনা মূল্যে দেয়া হবে। এছাড়া ব্যক্তিগত ঋণ ও ক্রেডিট কার্ডে বিশেষ অফার থাকছে।

‘দ্যুতি’ সেবার আওতায় সঞ্চয়ী ও বেতন হিসাবের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সুবিধা নিতে পারবেন। সঞ্চয় কিংবা বেতন, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সুবিধা রাখা হয়েছে এ সেবায়।

ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা বিতরণ নেটওয়ার্কের প্রধান শেখ মোহাম্মদ আশফাক জানান, রাষ্ট্র পরিচালনা ও দেশের উন্নয়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেয়াই ‘দ্যুতি’ চালুর মূল লক্ষ্য।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী ও জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবা আরো কার্যকর করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ‘দ্যুতি’ নতুনভাবে সাজানো হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে অথবা ২৪ ঘণ্টার কল সেন্টার ১৬২২১ নম্বরে যোগাযোগ করে ‘দ্যুতি’ হিসাব খুলতে পারবেন।

বর্তমান গ্রাহকরাও প্রযোজ্য শর্ত মেনে তাদের বেতন হিসাব ব্র্যাক ব্যাংকে স্থানান্তর করতে পারবেন। বিস্তারিত জানা যাবে ব্যাংকটির ওয়েবসাইটে: BRAC Bank | Leading Private Commercial Bank in Bangladesh

—বিজ্ঞপ্তি