অভ্যন্তরীণ বাজার বিকাশে ইস্পাত আমদানিতে করের হার ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশে উন্নীত করেছে মেক্সিকো। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
ধার্য করা কর ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। ইস্পাতের পাত, রড, হট-রোলড কয়েল ও কোল্ড রোল্ড কয়েল, ইস্পাতের টিউব ও অন্যান্য পণ্যকে রাখা হয়েছে তালিকায়। অর্থ মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, নতুন এ সিদ্ধান্ত মেক্সিকোর স্থানীয় ইস্পাত শিল্পের বিকাশে ভূমিকা রাখবে। চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের অভ্যন্তরীণ শিল্পের পৃষ্ঠপোষকতা হিসেবে কাজ করবে এ পদক্ষেপ।
মেক্সিকোর সরকার অ্যালুমিনিয়াম, বাঁশ, রাবার, কেমিক্যাল পণ্য, সাবান, কাগজ, কাচ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, সংগীত যন্ত্রপাতি, আসবাবপত্রের মতো পণ্যে কর বাড়িয়েছে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। দেশের অভ্যন্তরীণ শিল্পের বিকাশ ও অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে দেশটির সরকার। সরকারের ভাষ্য অনুসারে, নতুন কর ব্যবস্থাপনাকে কার্যকর করা গেলে অবৈধ বাণিজ্য দূরীভূত হবে। বাণিজ্যিক নিরাপত্তা তৈরি হবে আন্তর্জাতিক পর্যায়ে। আন্তর্জাতিক আইন ও প্রতিশ্রুতিকে প্রাধান্য দেয়ার কারণে অর্থনৈতিক নিশ্চয়তা আসবে, যা দেশীয় পরিসরে উৎপাদনমুখী প্রবণতার জন্ম দেবে।










