প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে। ফলে বার্ষিক মুনাফার পূর্বাভাস কমিয়ে আনল মার্কিন পোশাক নির্মাতা প্রতিষ্ঠান লিভাইস স্ট্রাউস অ্যান্ড কোম্পানি। কারণ হিসেবে উত্তর আমেরিকায় ভোক্তা চাহিদা কমে যাওয়া, প্রতিকূল আবহাওয়া ও প্রচারণার ঘাটতিকে উল্লেখ করা হয়েছে। খবর রয়টার্স।

লিভাইস ২০২৩ অর্থবছরে ১ শতাংশ আয়ের পূর্বাভাস দিয়েছে। আগের পূর্বাভাসে ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ শতাংশ আয় থাকার কথা বলা হয়েছিল। এর আগে ভোক্তাদের চাহিদা কমে যাওয়ায় ম্যাসি’স এবং নর্ডস্টর্মের মতো রিটেইল প্রতিষ্ঠানগুলোও আয়ের পূর্বাভাসে পরিবর্তন এনেছে। 

উচ্চ দামের কারণে লিভাইসের ডেনিম ও কার্গো প্যান্ট বিক্রি উল্লেখজনকভাবে কমেছে। এছাড়া উষ্ণ আবহাওয়ায়ও নেতিবাচক প্রভাব পড়েছে পোশাক বিক্রিতে। প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হারমিত সিং বলেন, ‘‌আমাদের স্টোরগুলোয় শর্টস, লাইটার ডেনিম, স্কার্টস ও অন্যান্য বহু পোশাক অবিক্রীত অবস্থায় রয়ে গেছে।’ 

চলতি বছরের জুন-আগস্ট তিন মাসে প্রতিষ্ঠানটির আয় ছিল ১৫১ কোটি ডলার, যা আগের তিন মাসের তুলনায় কম। আগের তিন মাসে আয় ছিল ১৫৪ কোটি ডলার।