যুক্তরাষ্ট্রের কানসাসে নতুন বিদ্যুচ্চালিত যানবাহনের (ইভি) ব্যাটারি কারখানা তৈরির ঘোষণা দিয়েছে প্যানাসনিক। চলতি মাসেই কারখানাটি নির্মাণের কাজ শুরু হবে। কারখানাটি নির্মাণে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে বলে আশা করছে জাপানি প্রতিষ্ঠানটি। খবর কিয়োদো নিউজ।
প্যানাসনিক জানায়, বিশ্বব্যাপী কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমানোর লক্ষ্য হিসেবে ইভি ব্যাটারির কারখানাটি নির্মাণ করা হচ্ছে। এ কারখানা থেকে তৈরি ইভি ব্যাটারি মার্কিন গাড়ি নির্মাতা টেসলাকে সরবরাহ করা হবে। আগামী ২০২৩-২৪ অর্থবছরে কারখানাটিতে ইভি ব্যাটারি উৎপাদন শুরু হবে। প্রাথমিকভাবে ৩০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ব্যাটারি উৎপাদন করা হবে।
প্যানাসনিকের প্রেসিডেন্ট কাজুও তাদানোবু বলেন, বর্তমান বিশ্ব দ্রুতই ইভি ব্যবহারে এগিয়ে যাচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে আমরা উত্তর আমেরিকায় ইভি ব্যাটারি উৎপাদনের কারখানা তৈরি করতে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে নির্মাণ হতে যাওয়া নতুন কারখানাটি প্যানাসনিকের দ্বিতীয় ইভি ব্যাটারি কারখানা হিসেবে পরিচিতি পাবে। এর আগে দেশটির নেভাদা অঙ্গরাজ্যে টেসলার সঙ্গে যৌথভাবে গিগাফ্যাক্টরি নির্মাণ করেছে প্যানাসনিক।










