মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশে প্রথমবারের মতো এআই-চালিত ভার্চুয়াল রিলেশনশিপ ম্যানেজার মিতা (এমটিবি ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট) চালু করেছে। এ ভার্চুয়াল আরএম এমটিবির গ্রাহক ও যারা গ্রাহক নন সবার জন্যই উন্মুক্ত এবং এটি প্রতিটি ব্যবহারকারীর জন্য ব্যক্তিগত ব্যাংকিং সহায়তা প্রদান করবে।

মিতা একজন মানবসদৃশ ভার্চুয়াল ব্যাংকিং রিলেশনশিপ ম্যানেজার, যার রয়েছে নিজস্ব মুখাবয়ব, অভিব্যক্তি ও ব্যক্তিত্ব। প্রচলিত ডিজিটাল ব্যাংকিং সেবার মতো শুধু তথ্যভিত্তিক না হয়ে মিতা ব্যবহারকারীদের সঙ্গে ইন্টার‍্যাকটিভভাবে কথা বলতে পারে—ইন্টার‍্যাকটিভ বাটন অথবা সরাসরি কথোপকথনের মাধ্যমে।

একজন ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার যেভাবে সহায়তা দেন, মিতাও তেমনভাবেই ব্যাংকিং-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়, আর্থিক তথ্য ও শিক্ষা প্রদান করে, ব্যবহারকারীদের উপযুক্ত ব্যাংকিং সেবায় দিকনির্দেশনা দেয়। প্রয়োজনে ব্যাংক-বহির্ভূত বিষয়েও বন্ধুসুলভ আলাপ চালাতে সক্ষম।

এ প্রসঙ্গে এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ডিজিটাল উৎকর্ষে এমটিবির অবিচল অঙ্গীকারের অংশ হিসেবে মিতা ব্যাংকিং সেবাকে আরো সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করেছে। দিন-রাত ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন—যেকোনো সময় যে কেউ মিতার মাধ্যমে ব্যাংকিং সহায়তা নিতে পারবেন। স্মার্টফোন ও ইন্টারনেট থাকলেই বাংলাদেশে বা বিশ্বের যেকোনো স্থান থেকে ব্যাংকিং সেবা হাতের নাগালে এনে দেবে মিতা।’

উল্লেখ্য, বর্তমানে মিতা ব্যবহার করা যাচ্ছে www.avatar.mutualtrustbank.com এবং MTB NEO অ্যাপে। ভবিষ্যতে মিতা আরো উন্নত হয়ে ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ব্যাংকিং সেবা ও অভিজ্ঞতা নিয়ে আসবে।