পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রুমানা ইসলাম। এরই মধ্যে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। তবে এখনো তার নিয়োগের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করা হয়নি।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ও বিএসইসি সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ড. রুমানা ইসলামকে কমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে জিও জারি হবে। এর পর পরই তিনি বিএসইসির আইন বিভাগের কমিশনার হিসেবে যোগ দেবেন।

ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালে যুক্তরাজ্যের  কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনের ওপর পিএইচডি করেছেন। তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।