প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর গতকাল প্রায় ১০ শতাংশ কমেছে। এর ভিত্তিতে আলোচ্য দিনটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারানো কোম্পানির তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গতকাল লেনদেনের শুরুতে ডিএসইতে দেশবন্ধু পরিমারের শেয়ারদর ছিল ৩১ টাকা ২০ পয়সা। দিনশেষে এ দর কমে দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সায়। সে হিসাবে দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ। গতকাল কোম্পানিটির মোট ৫৫ লাখ ৯২ হাজার ৩৮৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১৬ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৬ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৫ পয়সায়।










