২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ গণপরিবহন ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করার লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে সৌদি আরব। দেশটির শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, স্বচালিত গাড়িতে (এভি) নেতৃত্ব দিতে আগ্রহী তারা। খবর দ্য ন্যাশনাল নিউজ।
ট্রান্সপোর্ট জেনারেল অথরিটির পরিবহন সক্ষমতা বিভাগের কর্মকর্তা ওমাইমাহ বামাসাগ বলেন, ‘আগামী দশকের শুরুতে সৌদি আরব এর পণ্য পরিবহনকারী এক-চতুর্থাংশ গাড়িকে এভিতে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে।’
৫০ হাজার কোটি ডলার খরচ করে সৌদির তাবুক প্রদেশের নিওমে তৈরি হচ্ছে স্মার্ট সিটি। তাছাড়া লোহিত সাগরের উপকূলে নির্মিত হচ্ছে বিলাসবহুল রিসোর্ট। মূলত এ ধরনের মেগা প্রকল্পে ভবিষ্যৎ প্রজন্মের স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা তৈরির লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে দেশটি।
এ প্রসঙ্গে বামাসাগ আরো বলেন, ‘এভি পরিবহনের জন্য সৌদি আরবের লক্ষ্যগুলো অত্যন্ত উচ্চাভিলাষী। বড় প্রকল্পগুলোর জন্য স্বয়ংক্রিয় পরিবহনের দিকে অগ্রসর হচ্ছে তারা। এ স্মার্ট শহরগুলো সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় গতিশীলতার
ওপর ভিত্তি করে যাত্রী ও পণ্যসংক্রান্ত নতুন পরিবহন ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে টেকসই ডিজাইন করা হয়েছে।
ভিশন ২০৩০ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতি সৌদি আরব। এর অংশ হিসেবে তেল রফতানির ওপর নির্ভরতা কমাতে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে অন্যতম প্রযুক্তি। তাই বিভিন্ন মেগা প্রকল্পগুলো ঘিরে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের দিকেই এগোচ্ছে দেশটি।
২০২১ সালের ডিসেম্বরে সৌদি আরবের নিওমের মেগা প্রকল্প দ্য লাইন, অক্সাগন ও ট্রোজেনাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনের জন্য জার্মানির নির্মাতা প্রতিষ্ঠান ভলোকপ্টারের সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করে। গত নভেম্বরে নিওম অঞ্চলে ১৭ কোটি ৫০ লাখ ডলারের ই-বিনিয়োগের ঘোষণা করা হয়।
প্রিসিডেন্স রিসার্চের সর্বশেষ তথ্যে বিশ্বব্যাপী স্বয়ংক্রিয় যানবাহন বাজারের মূল্য ২০৩০ সালের মধ্যে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছে। ২০২১ সালে পরিমাণটি ছিল প্রায় ৯ হাজার ৪৪০ কোটি ডলার, যা মূলত ৩৯ শতাংশ বার্ষিক চক্রবৃদ্ধি হারে বাড়ছে। এটি ইউবিএসের বিশ্লেষকদের প্রাক্কলনের কাছাকাছি। সুইস ব্যাংকটি পূর্বাভাস ছিল বৈশ্বিক এভি বাজার ২০৩০ সালের মধ্যে ২ ট্রিলিয়ন ডলার ছাড়াবে।
টেসলা-গুগলসহ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে বেশ কয়েকটি তাদের স্বয়ংক্রিয় গাড়িগুলো নিয়ে পরীক্ষা চালিয়েছে। তবে এ সময় দুর্ঘটনার মুখোমুখি হওয়ায় খানিকটা সমস্যার মধ্য দিয়েই যাচ্ছে তারা।










