পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করা হয়েছে। পৃথকভাবে দুই প্রান্তিকেই কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে। আর দুই প্রান্তিক তথা প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৪ টাকা ৩০ পয়সা। অন্যদিকে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৬ পয়সায়।
২০২০-২১ হিসাব বছরে ২৮ কোটি ৬৭ লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। আলোচ্য সময়ে কোম্পানিটির সুদ বাবদ আর্থিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ২৪ লাখ টাকায়। এর বিপরীতে এ সময়ে কোম্পানিটির ১০ কোটি ৭৫ লাখ টাকা পরিচালন লোকসান হয়েছে। এছাড়া ২০১৮-১৯ হিসাব বছরে ২৪ কোটি ৩০ লাখ ও ২০১৯-২০ হিসাব বছরে ৩০ কোটি ৮ লাখ টাকা লোকসান হয়েছে কোম্পানিটির।










