চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বীমা তহবিল কমেছে ৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ৭০ লাখ ৮০ হাজার টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় বেড়েছিল ১ কোটি ১ লাখ ২০ হাজার টাকা। এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ১৩ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকায়। আগের বছরের একই সময় শেষে যা ছিল ১৪ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকায়।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৯ জুন বেলা ১১টায় রাজধানীর বাংলা মোটরের পদ্মা লাইফ টাওয়ারে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমেও এজিএমে অংশ নিতে পারবে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২৯ মে।