ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. সালাম ওবায়দুল করিম ১৩ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ শেয়ার তিনি তার ছেলে মো. আতিউল করিম রাফিকে (কোম্পানির সাধারণ বিনিয়োগকারী) উপহার হিসেবে দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে ২ ফেব্রুয়ারি থেকে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৩ কোটি ৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৫০ লাখ ২২ হাজার ৭৯৩। এর ৩২ দশমিক ১৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক শূন্য ২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬০ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৩ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৭ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৪৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ২৪ পয়সায়।
সালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘বিবিবি’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।










