আকিজবশির কেবলস দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে একযোগে ৩২টি নতুন সেলস সেন্টার চালু করেছে। এ উপলক্ষে গতকাল এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তসলিম মোহাম্মাদ খান, চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মাদ খরশেদ আলম, পরিচালক (মানবসম্পদ) দিলরুবা সারমিন খান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মাদ জাহিদ হোসেন এবং হেড অব বিজনেস (কেবলস) মোহাম্মাদ ওমর ফারুক উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন শিল্প গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার, ডিলার ও আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে আকিজবশির গ্রুপ দীর্ঘদিন ধরে গ্রাহকদের আস্থা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আকিজবশির কেবলসের উৎপাদন ও বাজারজাত কার্যক্রম শুরু হয়েছে। এবার ৩২টি সেলস সেন্টার চালুর মাধ্যমে গ্রাহকসেবা আরো গতিশীল এবং ডিলার নেটওয়ার্ক শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে আকিজবশির গ্রুপের সিওও মোহাম্মাদ খরশেদ আলম বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় অনলাইনের মাধ্যমে ৩২টি সেলস সেন্টার উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে নিরাপদ ও মানসম্মত কেবল সরবরাহ নিশ্চিত করতে পারব।’

উল্লেখ্য, আকিজবশির কেবলস দেশের বাজারে প্রথমবারের মতো তিন স্তরবিশিষ্ট কেবল নিয়ে এসেছে, যা ১০৫ ডিগ্রি তাপ সহনশীল ও অধিক নিরাপদ।