চীনে ব্যবসা বিস্তৃত করছে ফরাসি বিলাসবহুল পণ্যের ব্র্যান্ড লুই ভিতোঁ। সংস্থাটি প্রথমবারের মতো আসবাব ও গৃহস্থালি সামগ্রীর শোরুম খুলতে যাচ্ছে। এক্ষেত্রে সাংহাইকে বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের খবর অনুসারে, লুই ভিতোঁর আসবাব ও গৃহস্থালি সামগ্রীর শোরুমটি সাংহাইয়ের নানজিং রোডের ঠিক পেছনে অবস্থিত একটি শতাব্দী পুরনো তিনতলা ভবনে স্থাপন করা হয়েছে। আগামীকাল দোকানটি উদ্বোধন করা হবে। শুধু অ্যাপয়েনমেন্ট নেয়া গ্রাহকরা সেখানে প্রবেশ করতে পারবেন।
লুই ভিতোঁ একটি বিবৃতিতে জানিয়েছে, শোরুমটি মূলত কয়েক মাস ধরে ট্রায়াল করা হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে সেটিকে স্থায়ী ঘোষণা করা হবে। একটি মিডিয়া প্রিভিউ চলাকালীন দোকানে কোনো দামের ট্যাগ দেখা যায়নি। তবে লুই ভিতোঁর একজন কর্মী জানান, কাম্পানা ব্রাদার্সের ডিজাইন করা একটি উজ্জ্বল রঙের ঝুলন্ত কোকুন চেয়ারের দাম ৭ লাখ ইউয়ানেরও (৯৭ হাজার ৮৬০ ডলার) বেশি। পাশাপাশি শোরুমটিতে একটি কাচের দুধের বোতলের মতো ছোট লাইটের দাম ৪০ হাজার ৫০০ ইউয়ান।
বিলাসবহুল ব্র্যান্ডগুলোর জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দেশটিতে ধনীদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যদিও দেশটির ধনীরা দীর্ঘস্থায়ী কভিডজনিত নিষেধাজ্ঞা, আবাসন খাতে পতন এবং ব্যাপক অর্থনৈতিক অনিশ্চয়তায় চাপের মধ্যে রয়েছেন। এমন বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও চীনে কার্যক্রম বাড়াচ্ছে ফরাসি বিলাসবহুল জায়ান্ট এলভিএমএইচের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এর আগে চলতি মাসের শুরুতে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংদু শহরে প্রথম রেস্তোরাঁ খুলেছে লুই ভিতোঁ। দ্য হল নামে সংস্থাটির রেস্তোরাঁটি গুয়াংডং হলের মধ্যে অবস্থিত। বিশ্বে এটি সংস্থাটির পঞ্চম রেস্তোরাঁ। দ্য হল জাপানে দুটি এবং দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে একটি করে অবস্থিত। সেখানে দুপুর ও রাতের খাবার এবং বিকালের চা পরিবেশন করা হয়। রেস্তোরাঁটির খাবার তৈরিতে ক্ল্যাসিক ফ্রেঞ্চ ও ভূমধ্যসাগরীয় উভয় রন্ধনপ্রণালি অনুসরণ করা হয়।
বাজার গবেষণা প্রতিষ্ঠান গ্লোবালডাটার ভোক্তা বিশ্লেষক ববি ভার্গিস বলেন, একটি সমসাময়িক বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে এলভিএমএইচ নিজেকে পরিবর্তনের চেষ্টা করছে। বিশেষ করে মিলেনিয়ালস ও জেন জেড প্রজন্মের ভোক্তাদের চাহিদার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছে গ্রুপটি। প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের ধনী গ্রাহকদেরও আকৃষ্ট করতে চাইছে। এ বিষয়গুলোকে ব্যবসা বাড়ানোর সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।










