ফিউচার মার্কেটে গতকাল মালয়েশিয়ান পাম অয়েলের দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছে। এর মধ্য দিয়ে টানা তিন কার্যদিবসে নিম্নমুখিতার অবসান ঘটল। ঊর্ধ্বমুখী রফতানি ও অন্যান্য ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির প্রভাবেই পাম অয়েলের বাজারদর বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। 

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস একচেঞ্জে গতকাল অক্টোবর সরবরাহ চুক্তিতে মালয়েশিয়ান পাম অয়েলের দাম ১১৫ রিঙ্গিত বা ৩ দশমিক ১১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৮০৯ রিঙ্গিত বা ৮২৩ ডলার ২১ সেন্টে।

কুয়ালালামপুরভিত্তিক ব্যবসায়ীরা জানান, পাম অয়েল ও বিন অয়েলের (সয়াবিন, সরিষা ও সূর্যমুখী তেল) দামের বিস্তর ব্যবধানের কারণে কয়েকদিন ধরে বাজারে কেনাবেচায় মন্দা চলছিল। তবে গতকাল পাম অয়েলের বাজার আবারো ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসে।

পণ্যটির দাম বাড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ভারতের আমদানি। জুলাইয়ে দেশটি ১০ লাখ ৮০ হাজার টন পাম অয়েল আমদানি করে, এর আগের মাসের তুলনায় যা ৫৯ শতাংশ বেশি। এমনকি সাত মাসের মধ্যে সর্বোচ্চ আমদানি এটি। মূলত পরিশোধন কেন্দ্রগুলো নিম্নমুখী দামের সুবিধা নিতে বিপুল পরিমাণে পাম অয়েল আমদানি করে। ফলে পণ্যটির বাজারদর ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।

এদিকে ডালিয়ান এক্সচেঞ্জে সয়াবিন তেলের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। সেখানে পাম অয়েলের দামও বেড়েছে ২ শতাংশ। শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেল আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে।