চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা বড়েছে ৩৩ শতাংশের বেশি। কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২ কোটি ২৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৭৬ লাখ টাকা বা ৩৩ দশমিক ৬৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৫৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৩৮ পয়সা।
এদিকে গতকাল ডিএসইর মাধ্যমে কোম্পানিটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও অন্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩১ জুলাই বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১২ জুলাই।
আলোচ্য হিসাব বছরে কোম্পাটির ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে
এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ টাকা ৬২ পয়সা।










