জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৮ দশমিক ৫৪ শতাংশ কমেছে। সপ্তাহজুড়ে বস্ত্র খাতের কোম্পানিটির মোট ৪২ কোটি ৬২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৮ কোটি ৫২ লাখ ৪৫ হাজার ২০০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৯ পয়সায়।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ পয়সা। আগের হিসাব বছর শেষেও যা হয়েছিল ১ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১১ টাকা ৯১ পয়সায়। আগের হিসাব বছর শেষেও যা একই ছিল (পুনর্মূল্যায়িত)।










