যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (ইউএসএফডিএ) অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রেনাটা লিমিটেডের রাজেন্দ্রপুর জেনারেল কারখানা। এ অনুমোদনের ফলে প্লেইন জেনেরিক, প্যারা আইভি ও এনসিই-১ ফিলিংসসহ যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করবে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে রেনাটা।

তথ্য অনুসারে, রক্তপ্রবাহ নিয়ন্ত্রণ করার কাজে ব্যবহূত মেটোপ্রোলাল টারট্রেট ট্যাবলেট দিয়ে রাজেন্দ্রপুর জেনারেল কারখানাটির কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে রেনাটার সাতটি ওষুধ যুক্তরাষ্ট্রের বাজারে নিবন্ধিত। এর মধ্যে রেলিপ (রোসুভাস্ট্যাটিন) বাংলাদেশের বাজারেও বিক্রি করা হয়। মূলত কোম্পানিটির ওষুধ রফতানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে রেনাটার কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৫১১ কোটি ১০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৫০৬ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা বা দশমিক ৯৭ শতাংশ। আলোচ্য হিসাব বছরে রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৭ টাকা ৬৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ টাকা ২২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭৪ টাকা ৩৯ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩৯ টাকা ৮৬ পয়সা।

এদিকে আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে রেনাটার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১০ নভেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে রেনাটা। এর মধ্যে ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। যেখানে এর আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ৪১ টাকা ১৭ পয়সা।

ডিএসইতে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১ হাজার ৩০৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১ হাজার ২৮২ টাকা থেকে ১ হাজার ৪৬৯ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।