ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সর্বশেষ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ), দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। এতে ২০২১ হিসাব বছরে লোকসানের কারণে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি। এমনকি সর্বশেষ তৃতীয় প্রান্তিকেও তালিকাভুক্ত কোম্পানিটির লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ প্রতিবেদন প্রকাশ করেছে এনবিএফআইটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত সমন্বিত ইপিএস হয়েছিল ২০ পয়সা। আর আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ১২ পয়সায়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২১ হিসাব বছরে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৯ পয়সা। আগের হিসাব বছরে সমন্বিত ইপিএস ছিল ১৪ পয়সা। আলোচ্য হিসাব বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৭৬ পয়সা। এ হিসাব বছরের এজেন্ডাগুলোয় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ২৯ আগস্ট।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০১৯ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।










