বিশ্ববাজারে ব্যাটারির দাম বাড়ছে। এর মধ্যেও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো আরো সাশ্রয়ী দামে বৈদ্যুতিক গাড়ি নির্মাণ ও তা ক্রেতার হাতে পৌঁছে দেয়ার চেষ্টা করছে। সম্প্রতি জেনারেল মোটরস (জিএম) বাজারে আনছে শেভ্রোলেট ইকুইনক্স মডেলের ছোট এসইউভি, যার প্রাথমিক দাম ধরা হয়েছে প্রায় ৩০ হাজার ডলার। একবার চার্জ দিলে এ গাড়ি চলবে ৪০০ কিলোমিটার।

এপির খবরে বলা হয়েছে, কিছু বেশি অর্থ দিলে একবার চার্জে ৫০০ কিলোমিটার চলতে পারে এমন এসইউভিও পাওয়া যাবে। তবে ইকুইনক্স ইভির আসল দাম এখনো ঘোষণা করেনি জিএম। সম্ভবত বিক্রির জন্য বাজার উন্মুক্ত করার আগে এর দাম ঘোষণা করা হবে।

খাতসংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন, ৩০ হাজার ডলার থেকে দাম শুরু হওয়া বিদ্যুচ্চালিত গাড়ি, যেটি একবার চার্জ দিলে ৩০০ মাইলের বেশি চলতে পারবে, সেই গাড়ি ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করবে। এর মাধ্যমে গ্যাসোলিনচালিত গাড়ি থেকে সরে এসে বৈদ্যুতিক গাড়িতে থিতু হবেন ক্রেতারা। এডমুন্ডস ডটকমের পরিচালক ইভান ড্রুরি বলেন, বৈদ্যুতিক গাড়ির দাম এমন জায়গায় আসছে, যেটা আসলে সবার প্রত্যাশিত।

বিশ্লেষকরা বলছেন, ইকুইনক্স যদি গাড়ির ভেতরে বসার স্থান ও মালপত্র রাখার স্থানে পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে পারে এবং যদি এটি গ্যাসচালিত ছোট এসইউভির কাছাকাছি চেহারার হয়, তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের বাজারের সবচেয়ে জনপ্রিয় গাড়ি। কেননা যুক্তরাষ্ট্রের বাজারে আগে থেকেই এসইউভির বেশ চাহিদা রয়েছে।

গ্লোবাল ফোরকাস্টিং ফর এলএমসি অটোমোটিভের প্রধান জেফ শুস্টার বলেন, এসইউভি মডেলের গাড়ি বিভিন্ন ধরনের ব্যবহারকারীর কাছে জনপ্রিয়। সেটা হতে পারে ছোট পরিবারের জন্য আবার একা কোনো ব্যক্তির জন্য। এসব গাড়িতে প্রচুর জায়গা থাকে, প্রচুর মালপত্র নেয়া যায় আবার একই সঙ্গে চালানোও তুলনামূলক সহজ।

গ্যাসচালিত ছোট এসইউভির চেয়ে বিদ্যুচ্চালিত জেনারেল মোটরসের এসইউভিগুলোর দাম সামান্যই বেশি হবে। টয়োটার র্যাভ-ফোর যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হয়, যার বাজারমূল্য ২৮ হাজার ডলার। অর্থাৎ এটি থেকে বিদ্যুচ্চালিত এসইউভির দাম মাত্র ২ হাজার ডলার বাড়বে। অর্থাৎ পরিবেশ দূষণ ও জীবাশ্ম জ্বালানির বিষয়টি আমলে নিলে জেনারেল মোটরসের বিদ্যুচ্চালিত এসইউভি গ্রাহকের জন্য অনেক বেশি লাভজনক হবে।

গত কয়েক বছর পর্যন্ত বিদ্যুচ্চালিত গাড়ির দাম ছিল অনেক বেশি। আবার যেগুলো গ্রাহকের সাধ্যের মধ্যে ছিল, সেগুলোর সক্ষমতা কম ছিল। উদাহরণ হিসেবে টেসলার মডেল থ্রির কথা উল্লেখ করা যায়। সবচেয়ে কম দামি এ বৈদ্যুতিক গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে সর্বাধিক বিক্রীত। এর দাম শুরু হয় ৪৮ হাজার ডলার থেকে। টেসলা মডেল এক্স এসইউভির দাম শুরু হয় ১ লাখ ২০ হাজার ডলার থেকে। ৩০ হাজার ডলারের কাছাকাছি দামের বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে নিশান লিফ ও শেভ্রোলেট বোল্ট। যদিও এগুলো সাধারণ গ্যাসচালিত ছোট এসইউভির চেয়ে ছোট।

ফলে জেনারেল মোটরস যদি তাদের নতুন গাড়ির দাম ৩০ হাজার ডলার থেকে শুরু করতে পারে, তাহলে এর চাহিদা বিপুল পরিমাণে বেড়ে যাবে।