স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করেছেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
(এফবিসিসিআই) নেতারা।
মঙ্গলবার (২৬ মার্চ) এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালনা
পর্ষদের সদস্যরা রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সেখানে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির
প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এফবিসিসিআই সভাপতি। এ সময় জাতির
পিতার পরিবার ও মুক্তিযুদ্ধে সব শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বের কথা এবং
মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা
শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।
মাহবুবুল আলম বলেন, দেশ স্বাধীনের পর মানুষের অর্থনৈতিক মুক্তিই ছিল
বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু সারা জীবন এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে
গেছেন। নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময়
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনার
আহ্বান জানান মাহবুবুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী,
সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মহাসচিব মো. আলমগীর,
এফবিসিসিআইর পরিচালক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।










