রেকর্ড পরিমাণ রুশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনেছে ইউরোপীয় দেশগুলো। নভেম্বরে তারা রাশিয়া থেকে ইতিহাসের সর্বোচ্চ ১৭ লাখ ৫০ হাজার টন এলএনজি আমদানি করেছে। চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছে পণ্যবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলার। খবর আরটি।

কোমারসান্ট বিজনেস ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে সর্বোচ্চ আমদানির রেকর্ডটি ছিল ২০২২ সালের ডিসেম্বরের। ওই মাসে ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে ১৭ লাখ ৩৭ হাজার টন এলএনজি আমদানি করেছিল।

রাশিয়া গত মাসে সবচেয়ে বেশি গ্যাস বিক্রি করেছে ফ্রান্স ও বেলজিয়ামের কাছে। রাশিয়ার ইয়ামাল উপদ্বীপ ও ভিসোটস্ক গ্যাস ক্ষেত্র থেকে এ এলএনজি কিনেছিল দেশ দুটি। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম গ্যাস উত্তোলক প্রতিষ্ঠান নোভাটেক এ গ্যাস ক্ষেত্র দুটি পরিচালনা করছে।

আরটি জানিয়েছে, গত মাসে রাশিয়া বিশ্ববাজারে মোট ২৯ লাখ ১৪ হাজার টন এলএনজি রফতানি করেছে, গত বছরের নভেম্বরের তুলনায় যা ৯ দশমিক ৩ শতাংশ বেশি।

তবে চীনে রাশিয়ার এলএনজি সরবরাহের পরিমাণ অক্টোবরের আট লাখ টনের তুলনায় গত মাসে এক লাখ টনে কমেছে। কেপলারের অপরিশোধিত জ্বালানি বিশ্লেষক ভিক্টর কাতোনা বলেন, ‘নভেম্বরে রাশিয়া থেকে চীনে সরবরাহ কমার বড় কারণ চীনের দুর্বল চাহিদা নয়। বরং ইউরোপীয় ইউনিয়নের বাজারের ক্রমবর্ধমান চাহিদার ফল।’

এদিকে জাপানে গত মাসে রুশ সরবরাহ বার্ষিক ২২ শতাংশ বেড়ে ৬ লাখ ৮০ হাজার টনে দাঁড়িয়েছে। আর রাশিয়া থেকে দক্ষিণ কোরিয়ার আমদানির পরিমাণ বার্ষিক ৫০ শতাংশ বেড়ে ২ লাখ ৮০ হাজার টনে উন্নীত হয়েছে।