ভারতের রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলনকারী প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লিমিটেড। চলতি বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন খনিগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেড়ে চার কোটি টন ছাড়িয়ে গেছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ মাসভিত্তিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও ইকোনমিক টাইমস।
অভ্যন্তরীণ কয়লা উত্তোলনের ৮০ শতাংশের বেশি জোগান দেয় কোল ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ৪ কোটি ৫ লাখ ১০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আওতায় জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ৩১ দশমিক ৬ শতাংশ। ২০১৯ সালের একই মাসে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার টন কয়লা উত্তোলন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ৯৭ লাখ ৩০ হাজার টন। এর মধ্য দিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরে প্রথমবারের মতো কোল ইন্ডিয়ার কয়লা উত্তোলনে দুই সংখ্যার প্রবৃদ্ধির দেখা মিলেছে।
এদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ১১ কোটি ৫০ লাখ টন কয়লা উত্তোলন হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আওতায় জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ১০ দশমিক ৬ শতাংশ। ২০১৯ সালের একই প্রান্তিকে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে সব মিলিয়ে ১০ কোটি ৪০ লাখ টন কয়লা উত্তোলন হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোল ইন্ডিয়ার খনিগুলো থেকে জ্বালানি পণ্যটির উত্তোলন বেড়েছে ১ কোটি ১০ লাখ টন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ভারতজুড়ে লকডাউন শুরু হলে সংকটে পড়েছিল কোল ইন্ডিয়া। ওই সময় শ্রমিক সংকটে ব্যাহত হয়েছিল জ্বালানি পণ্যটির উৎপাদন। তবে লকডাউন শিথিল হওয়ার পর সংকটের ধাক্কা সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে কয়লা উত্তোলন বাড়িয়ে দিয়েছে কোল ইন্ডিয়া।










