পেশাদার খেলায় প্রাইভেট ইকুইটির প্রবর্তক হিসেবে পরিচিত আর্কটস পার্টনার্স। সংস্থাটি অধিগ্রহণের প্রস্তাব নিয়ে সম্প্রতি আলোচনার টেবিলে বসেছে মার্কিন প্রাইভেট ক্যাপিটাল গ্রুপ কেকেআর। খবর এফটি।

প্রাইভেট ক্যাপিটাল খাতের শীর্ষ কোম্পানিগুলোর অন্যতম কেকেআর। এর ব্যবস্থাপনায় রয়েছে ৭০ কোটি ডলারের বেশি সম্পদ। তহবিল সংগ্রহে সম্প্রতি ধনী বিনিয়োগকারী ও পেনশন ফান্ডের সুবিধাভোগীদের দিকে মনোযোগ বাড়িয়েছে কেকেআর। এমন সময়ে আর্কটস অধিগ্রহণের প্রস্তাব গুরুত্বপূর্ণ। কারণ সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ক্রীড়া খাত ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।

বিশ্বের জনপ্রিয় কিছু স্পোর্টস দলের অংশীদারত্ব রয়েছে কেকেআরের হাতে। এর মধ্যে ইউরোপীয় ফুটবল জায়ান্ট লিভারপুল ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) অন্তর্ভুক্ত।

শুধু কেকেআরই নয়, অন্য বড় প্রাইভেট ক্যাপিটাল গ্রুপ ও অ্যাসেট ম্যানেজাররাও আর্কটস অধিগ্রহণে আগ্রহী। তবে এ ধরনের যেকোনো চুক্তির ক্ষেত্রে স্পোর্টস দলের লিগ থেকে অনুমতি নিতে হবে আর্কটসকে।

২০১৯ সালে কার্যক্রম শুরু করা আর্কটসের দুই প্রতিষ্ঠাতার একজন ডেভিড ও’কনর। নিউইয়র্ক রেঞ্জার্স আইস হকি দলের মালিক এবং ট্যালেন্ট এজেন্সি সিএএর নির্বাহী ছিলেন তিনি। সহপ্রতিষ্ঠাতা ইয়ান চার্লস সেকেন্ড হ্যান্ড প্রাইভেট ইকুইটি খাতে পরামর্শক হিসেবে কাজ করেছেন। তারা একসঙ্গে ক্রীড়া খাতে প্রাইভেট ইকুইটি প্রবেশে নেতৃত্ব দিয়েছেন, যা অচিরেই জনপ্রিয় হয়ে ওঠে।

ইউরোপীয় ফুটবল স্টেকের পাশাপাশি এক ডজনেরও বেশি ফ্র্যাঞ্চাইজিতে ছোট অংশীদারত্ব রয়েছে আর্কটসের। যার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রভিত্তিক। এর মধ্যে রয়েছে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স ও ইউটাহ জ্যাজ, বেজবল ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলেস ডজার্স এবং দুটি ন্যাশনাল ফুটবল লিগ দল লস অ্যাঞ্জেলেস চার্জার্স ও বাফেলো বিলস। এছাড়া অ্যাস্টন মার্টিন ফর্মুলা ওয়ান দলে রয়েছে ছোট অংশীদারত্ব।

নিয়ন্ত্রক সংস্থায় জমা দেয়া নথি অনুসারে, আর্কটসের অধীনে রয়েছে ১ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ।

২০২৩ সালে ৭০০ কোটি ডলারে বীমা কোম্পানি গ্লোবাল আটলান্টিকের সম্পূর্ণ মালিকানা কিনে নেয় কেকেআর। আর্কটসের এখনো দাম নির্ধারণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কেকেআরের সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি হতে পারে এটি।