চীনভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং বিভাগের এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেছে ক্রেডিট সুইস। পাশাপাশি গবেষণা বিভাগের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বৈশ্বিক পুনর্গঠনের অংশ হিসেবে এবং চীনের ব্যবসায়িক কার্যক্রম ধীর হয়ে যাওয়ায় গত দুই মাসে এ পদক্ষেপ নিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংকটি। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

তবে চীনে কর্মী ছাঁটাই নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ক্রেডিট সুইস। সূত্র দুটি জানিয়েছে, চীনভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং বিভাগ ক্রেডিট সুইস সিকিউরিটিজের ২০ জনেরও বেশি ব্যাংকারকে ছাঁটাই করা হয়েছে। ক্রেডিট সুইস চীনের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, গত বছর শেষে বিভাগটিতে কর্মীর সংখ্যা ছিল ৬৮। এছাড়া গবেষণা বিভাগের প্রায় ১০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। গত বছরের শেষ পর্যন্ত বিভাগটিতে ২৪ জন কর্মী ছিলেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে কঠোর কভিডজনিত বিধিনিষেধ এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে পশ্চিমা ব্যাংকগুলো এশীয় কর্মীদের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আরেক মার্কিন বিনিয়োগ ব্যাংক মরগান স্ট্যানলি বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে।