কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবে টানা দুই বছর জাপানের শিল্পোৎপাদন খাত স্থবির হয়ে পড়ে। লকডাউন আরোপের ফলে সরঞ্জাম ও যন্ত্রাংশ সরবরাহ ব্যাহত হয়। ফলে থমকে যায় দেশটির শিল্পোৎপাদন খাত। ভাইরাসের সংক্রমণপ্রবাহ শিথিল হওয়ার ফলে আবারো গতি ফেরে সংশ্লিষ্ট খাতের। আগের বছরের তুলনায় ২০২১ অর্থবছরে দেশটির শিল্পোৎপাদন খাতে ৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়। খবর কিয়োদো নিউজ।

চলতি বছরের মার্চ পর্যন্ত অর্থবছরটিতে শিল্প-কারখানা ও খনিতে উৎপাদন সূচক দাঁড়ায় ৯৫ দশমিক ৫। তবে তথ্য বলছে, প্রবৃদ্ধি হলেও শিল্পোৎপাদন খাত মহামারীপূর্ব অবস্থায় পৌঁছেনি। কভিড-১৯ মহামারীর আগে ২০১৯ অর্থবছরে সূচক ছিল ৯৯ দশমিক ৯।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন নিম্নমুখী ছিল। মহামারীর কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সেমিকন্ডাক্টরের অভাব ও সরবরাহ ব্যবস্থায় নানা প্রতিবন্ধকতা দেখা দেয়। এর ফলে পিছিয়ে পড়ে দেশটির শিল্পোৎপাদন খাত। তবে সেপ্টেম্বরের পর থেকেই সংশ্লিষ্ট খাতে পুনরুদ্ধার শুরু হয়। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির শিল্পোৎপাদন খাত ২ শতাংশ বাড়ে। মার্চে আগের মাসের তুলনায় উৎপাদন দশমিক ৩ শতাংশ বেড়েছে। নভেল করোনাভাইরাসের সংক্রমণপ্রবাহ স্তিমিত হওয়ার কারণেই প্রবৃদ্ধি দেখছে সংশ্লিষ্ট খাতটি বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সেমিকন্ডাক্টর উৎপাদন সরঞ্জাম ও অন্যান্য উৎপাদন সরঞ্জামসহ মোট আটটি বিভাগে উৎপাদন বেড়েছে। তবে অটোমোবাইলসহ মোট সাতটি বিভাগে উৎপাদন কম ছিল জাপানের। মার্চে উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পের অভিঘাতে সংশ্লিষ্ট বিভাগে উৎপাদন ৬ শতাংশ পতন হয়।

এ বিষয়ে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা আবারো বাড়ে কিনা তা পর্যবেক্ষণ করছি আমরা। পাশাপাশি পর্যাপ্ত যন্ত্রাংশ সরবরাহের অভাব ও মূল্যবৃদ্ধিসহ রাশিয়া-ইউক্রেন সংকটও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা।

২০২১ অর্থবছরের শেষ মাসে শিল্পপণ্য পরিবহনের সূচক দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৩ দশমিক ২। এর মাধ্যমে গত তিন মাসে প্রথমবারের মতো সূচক বেড়েছে। অন্যদিকে মজুদ দশমিক ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০০ দশমিক ৭।

এ বিষয়ে উৎপাদকদের মধ্যে একটি সমীক্ষা করা হয়। সমীক্ষার ভিত্তিতে এপ্রিলে জাপানের শিল্পোৎপাদন ৫ দশমিক ৮ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে মে মাসে উৎপাদন দশমিক ৮ শতাংশ কমার পূর্বাভাস মিলেছে।