নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান নিকোলের ব্যক্তিগত ভ্রমণে আড়াই লাখ ডলার খরচের সীমা তুলে নিয়েছে স্টারবাকস। এখন থেকে ব্যক্তিগত যাতায়াত ও ভ্রমণের জন্য অবাধে চেইন কফি শপ জায়ান্টটির জেট ব্যবহার করতে পারবেন তিনি। খবর বিবিসি।
ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচে পরিবার নিয়ে বসবাস করেন ব্রায়ান নিকোল। সেখান থেকে সিয়াটলে কোম্পানির প্রধান কার্যালয়ে যাতায়াত করতে তাকে প্রায় এক হাজার মাইল পথ পাড়ি দিতে হয়। গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিগত কাজে কোম্পানির জেট ব্যবহারের ওপর নির্দিষ্ট বছর ভিত্তিতে সীমা নির্ধারিত ছিল। সে সীমা অতিক্রম করলে বাড়তি খরচ তাকে বহন করতে হতো। তবে ব্রায়ান নিকোলের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনার পর সম্প্রতি খরচের সীমা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টারবাকস।
কোম্পানিটি জানিয়েছে, ব্রায়ান নিকোলের ওপর গণমাধ্যমের বাড়তি নজরদারি এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে তাকে সব ধরনের আকাশপথ ভ্রমণে স্টারবাকসের জেট ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে চালানো নিরাপত্তা সমীক্ষার ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
বর্তমানে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গত বছর ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসনের হত্যাকাণ্ডের পর বাড়তি সতর্কতা অবলম্বন করছে কোম্পানিগুলো।
ব্রায়ান নিকোলের উড়োজাহাজের যাতায়াতের বিষয়টি নিয়ে সমালোচনাও চলছে। স্টারবাকস একদিকে কোম্পানির পরিবেশবান্ধব ভাবমূর্তি প্রচার করছে, অন্যদিকে প্রধান নির্বাহীর নিয়মিত দীর্ঘ পথ উড়োজাহাজে ভ্রমণ করছেন। সমালোচকরা মনে করছেন, এটি কোম্পানির পরিবেশ রক্ষার প্রচারণার সঙ্গে সাংঘর্ষিক।
ব্যবসায়িক ক্ষেত্রে সম্প্রতি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে স্টারবাকস। গত ২৮ ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির বিক্রি ৪ শতাংশ বেড়েছে। মোট আয় ৬ শতাংশ বেড়ে ৯৯০ কোটি ডলারে পৌঁছেছে। তবে কফি ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি এবং শুল্কসংক্রান্ত চাপে স্টারবাকসের প্রাক-কর মুনাফা আগের বছরের তুলনায় কমে ৭৬ কোটি ৪৮ লাখ ডলারে দাঁড়িয়েছে।










