অপরিশোধিত জ্বালানি তেলের নতুন কূপ অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে বেসরকারি ও বিদেশী প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের চুক্তি করবে না মেক্সিকো। দেমটির সরকার জ্বালানি খাতে নতুন এক নীতিমালা করতে যাচ্ছে। এ নীতিতে এমন শর্ত রয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। খবর রয়টার্স ও অয়েলপ্রাইসডটকম।
মেক্সিকোর অয়েল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এএমইএক্সএইচআই জানিয়েছে, সরকারের পক্ষ থেকে নতুন একটি জ্বালানি অবকাঠামো নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে বলা হয়েছে, বেসরকারি ও বিদেশী কোম্পানির কাছে নতুন নতুন তেল কূপ অনুসন্ধান, সংস্কার ও জ্বালানি পণ্যটির উত্তোলনের কাজ দেয়া বন্ধ রাখা হবে। নতুন কোনো চুক্তি করা হবে না। তবে এ খাতের পুরনো চুক্তিগুলো কার্যকর থাকবে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান মেরলিন কোচেরান বলেন, করোনা মহামারী-পরবর্তী সময়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মেক্সিকো সরকার জ্বালানি খাতে এমন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে জ্বালানি তেল শিল্পে সরকারি সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ নীতিমালা প্রণয়ন হলে মেক্সিকোয় নতুন কূপ অনুসন্ধান থেকে শুরু করে জ্বালানি তেল উত্তোলনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিইএমইএক্সের অংশীদারিত্ব বাড়বে।
করোনা মহামারীতে গভীর সংকটে পড়েছে মেক্সিকোর জ্বালানি খাত। দেনার দায়ে ডুবে রয়েছে পিইএমইএক্স। এ সংকট থেকে উত্তরণে জ্বালানি খাতে প্রতিষ্ঠানটির অংশীদারিত্ব বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ।
মহামারীর কারণে চলতি বছরের জুলাইয়ে পিইএমইএক্সের আওতায় মেক্সিকোয় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমে দৈনিক গড়ে ১৫ লাখ ৪০ হাজার ব্যারেলে নেমে এসেছে। ২০২০ সালে দেশটিতে জ্বালানি পণ্যটির উত্তোলন রেকর্ড ৩০ শতাংশ কমতে পারে। তবে লোপেজ সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর নাগাদ মেক্সিকোর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পিইএমইএক্স অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় উত্তোলন পাঁচ লাখ ব্যারেল বাড়াতে পারে। এর মধ্য দিয়ে স্থবির হয়ে আসা মেক্সিকান অর্থনীতি কিছুটা হলেও গতি ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।










