বিশ্বজুড়ে বিলাসবহুল ও সংগ্রাহক পর্যায়ের ঘড়ির নিলাম বাজার এখন বেশ চাঙ্গা। গত এক বছরে রেকর্ড দামে বিক্রি হয়েছে বিরল অনেক ঘড়ি। এ ধারায় আগামী ৭ ও ৮ নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় বসছে বিশ্বখ্যাত ঘড়ির বড় নিলাম আসর। জেনেভা ওয়াচ অকশন টোয়েন্টিফোর নামের এ নিলামের আয়োজন করছে প্রখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপস ইন অ্যাসোসিয়েশন উইথ বাকস অ্যান্ড রুসো।
নিলাম সংস্থা ফিলিপসের জন্য গত বসন্ত মৌসুমটি ছিল খুবই সফল। ওই সময় তিনটি বড় নিলাম থেকে ২৩ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি আয় হয়। সে নিলামে তিনটি ঘড়িই বিক্রি হয়েছিল ১ কোটি ডলারের বেশি দামে। বাজার বিশ্লেষকদের মতে, ১০ লাখ ডলারের বেশি দামে ঘড়ি বিক্রি এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এভরিওয়াচের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ১০ লাখ ডলারের বেশি দামে বিক্রি হওয়া ঘড়ির সংখ্যা মাত্র ১৩টি। সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৮১টিতে।
জেনেভার আসন্ন নিলামে সবার নজর থাকবে পাটেক ফিলিপ, রোলেক্স ও এফপি ঝুর্ন—তিনটি বিখ্যাত ব্র্যান্ডের অত্যন্ত বিরল তিন মডেলের ওপর।
২০০২ সালে তৈরি এফপি ঝুর্নের প্লাটিনাম ঘড়িটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১০-২০ লাখ সুইস ফ্রাঁ। এটি সুইস বিক্রেতা প্রতিষ্ঠান লেস অ্যাম্বাসেডরের জন্য তৈরি বিশেষ সিরিজের অংশ ছিল। হাতে খোদাই করা এ ডায়ালের মাত্র তিনটি ঘড়ি তৈরি করা হয়। ২০ বছর পূর্তিতে বিশ্বভ্রমণ শেষে দীর্ঘ এক দশক পর এটি ফের নিলামে ফিরে এসেছে।
জাপানে সম্প্রতি খুঁজে পাওয়া রেফারেন্স ৬০৬২ স্টেলিন ঘড়িটির আনুমানিক দাম ধরা হয়েছে ৬-১২ লাখ সুইস ফ্রাঁ। ১৯৫০ সালে বাজারে আসা এ মডেলে রয়েছে ট্রিপল ক্যালেন্ডার ও মুভমেন্টের বিশেষ সুবিধা। ঘড়িটির ডায়ালে তারা আকৃতির আটটি ঘণ্টার চিহ্ন রয়েছে। দীর্ঘ সময় পার হলেও ঘড়িটির মূল গঠন ও রঙ পুরোপুরি অক্ষত রয়েছে।
পাটেক ফিলিপ রেফারেন্স ১৪৩৬ নিলামের অন্যতম মূল আকর্ষণ। ১৯৪৫ সালে তৈরি স্টেইনলেস স্টিলের ঘড়িটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০-৪০ লাখ সুইস ফ্রাঁ। ১৯৩৮ সালে মডেলটির উৎপাদন শুরু হয়। পরবর্তী তিন দশকে মাত্র ১৪০টি ঘড়ি তৈরি করা হয়। এর মধ্যে স্টেইনলেস স্টিলের তৈরি দুটি ঘড়ির খোঁজ পাওয়া যায়, যার একটি এটি। নিখুঁতভাবে সংরক্ষিত ঘড়িটির কেস ও মূল স্ট্রাকচার আজও অমলিন।
খবর ও ছবি ওয়াচপ্রো










