যেকোনো মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় প্রযোজ্য হারে উৎসে কর কর্তনের জন্য দেশের সব তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ-সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার সঙ্গে এনবিআরের একটি চিঠি সংযুক্ত করে দেয়া হয়েছে। সে চিঠির ভাষ্য অনুসারে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত এফডিআরের সুদ বা মুনাফার ওপর কী হারে উৎসে কর কর্তন করতে হবে সে বিষয়ে এনবিআরের কাছে মতামত চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে এনবিআরের কর নীতি উইং থেকে এ বিষয়ে মতামত দেয়া হয়। 

এনবিআরের মতামত অনুসারে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১০২ অনুযায়ী আয়কর আইনে বা অন্য কোনো আইনে কর অব্যাহতির বিষয়ে যা-ই থাকুক না কেন যেকোনো ধরনের মেয়াদি আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় প্রযোজ্য হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে। তাই আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পরিচালিত মিউচুয়াল ফান্ডসহ অন্য যেকোনো মিউচুয়াল ফান্ডের মেয়াদি আমানতের সুদ বা মুনাফা পরিশোধের সময় প্রযোজ্য হারে উৎসে কর কর্তন করতে হবে। এনবিআরের এ নির্দেশনা ব্যাংকগুলোকে যথাযথভাবে অনুসরণের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গতকাল প্রজ্ঞপন জারি করা হয়।

পুঁজিবাজার পরিস্থিতি: গতকাল সপ্তাহের শুরুতে দেশের পুঁজিবাজারে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বাড়লেও আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ৬ হাজার ২৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স, আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ২৯৭ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১৪৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৪ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৬৮ পয়েন্ট। 

ডিএসইতে গতকাল ৪২৫ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৮১ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত ছিল ১৭১টি সিকিউরিটিজের। 

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে সাধারণ বীমা খাত। ১০ দশমিক ৯ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। মোট লেনদেনের ৮ দশমিক ২ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল জীবন বীমা খাত। আর প্রকৌশল খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ৫ শতাংশ।