আইপিডিসি ফাইন্যান্স পিএলসি তাদের ফ্ল্যাগশিপ ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম ‘দ্য আনবাউন্ডারস’ এর মাধ্যমে নতুন ১২ জন মেধাবী তরুণকে নিয়োগ দিয়েছে। এ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি আর্থিক খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির লক্ষ্য নিয়েছে।
নতুন নির্বাচিত তরুণদের বাছাই করা হয়েছে কয়েকটি ধাপের কঠোর পরীক্ষার মাধ্যমে। এর মধ্যে ছিল যোগ্যতা যাচাই, কেস বিশ্লেষণ, সাক্ষাৎকার ও নেতৃত্বের দক্ষতা মূল্যায়ন। এ বছরের ব্যাচটি বিশেষভাবে বৈচিত্র্যময়, কারণ তারা এসেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। তাদের একাডেমিক ফলাফল ভালো ও নেতৃত্বের গুণাবলীও রয়েছে।
আইপিডিসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন আনবাউন্ডারদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা। তারা বলেন, এ প্রোগ্রাম দেশের আর্থিক খাতে নতুন প্রজন্মের পেশাজীবীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা তরুণদের আইপিডিসির উদ্ভাবনী, সহযোগিতামূলক ও নৈতিক সংস্কৃতির সঙ্গে একীভূত হওয়ার আহ্বান জানান।
‘দ্য আনবাউন্ডারস’ প্রোগ্রামের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন। তারা বাস্তব প্রকল্পে অংশ নেবেন, সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ পাবেন এবং বিশেষ কর্মশালায় যোগ দিয়ে নিজেদের প্রযুক্তিগত, বিশ্লেষণাত্মক ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়াবেন।
প্রশিক্ষণটির মূল লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের এমন জ্ঞান ও নেতৃত্বের সক্ষমতা দেয়া, যা পরিবর্তনশীল আর্থিক খাতে সফলভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।
আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, এতজন মেধাবী তরুণদের আইপিডিসি পরিবারের অংশ হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাদের উদ্যম ও উদ্ভাবনী চিন্তাধারা আমাদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। তিনি আরো জানান, আইপিডিসি বরাবরই কর্মীদের প্রতিভা বিকাশে কাজ করছে। প্রতিষ্ঠানের অনেক সিনিয়র কর্মকর্তা তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন এমনই গ্র্যাজুয়েট প্রোগ্রামের মাধ্যমে।
—বিজ্ঞপ্তি










