এর মাধ্যমে বিকাশ অ্যাপ থেকেই ২৫০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সাপ্তাহিক কিস্তিতে ৬ বা ১২ মাস মেয়াদে অর্থ জমা করতে পারবেন গ্রাহক। বিশেষত স্বল্প আয় ও দৈনিক মজুরিভিত্তিক পেশাজীবীদের জন্য সেবাটি সহায়ক হবে।
উল্লেখ্য, ২০২১ সালে আইডিএলসি ফাইন্যান্সের মাসিক ডিপিএস দিয়ে বিকাশের ডিজিটাল সেভিংস সেবার যাত্রা শুরু হয়। পরে এতে যুক্ত হয় ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক। ২০২২ সালে সিটি ব্যাংকের মাসিক ইসলামিক ডিপিএস চালুর পর ঢাকা ব্যাংকও ইসলামিক সেভিংস সেবায় যুক্ত হয়।
বিকাশ অ্যাপের ‘সেভিংস’ অপশন থেকে ‘ইসলামিক সেভিংস’ নির্বাচন করে মেয়াদ ও কিস্তির পরিমাণ নির্ধারণের মাধ্যমে ঢাকা ব্যাংকের ‘সাপ্তাহিক’ ইসলামিক ডিপিএস খোলা যাবে। পরবর্তী ধাপে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকের তালিকা থেকে ঢাকা ব্যাংক নির্বাচন করে নমিনির তথ্য দিতে হবে। এরপর সেভিংসের বিস্তারিত ও শর্তাবলি পড়ে সম্মতি জানিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
সেবাটি চালু হলে নির্ধারিত তারিখে স্বয়ংক্রিয়ভাবে কিস্তির অর্থ কেটে নেয়া হবে এবং মেয়াদপূর্তিতে মুনাফাসহ অর্থ অ্যাপে জমা হবে। কোনো খরচ ছাড়াই তা ক্যাশ আউট করা যাবে। প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্দিষ্ট শর্তসাপেক্ষে ডিপিএস ভাঙার সুযোগও থাকবে।
বিকাশ জানিয়েছে, অ্যাপভিত্তিক ডিপিএসের প্রায় ৩০ শতাংশ গ্রাহক নারী এবং ৮০ শতাংশই ঢাকার বাইরে বসবাসকারী। ব্যাংকিং সময়ের বাইরে ৫৫ শতাংশ ডিপিএস খোলা হয়েছে।










