করোনা মহামারীর সময় চীন ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অনেকটাই শীতল হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে পণ্যবাজারেও। বিরোধের জের ধরে হঠাৎ করে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা যবের একটি চালান স্থগিত করেছে বেইজিং। যদিও চীন বলছে, একাধিক চালানে ক্ষতিকারক পতঙ্গ পাওয়া যাওয়ার জের ধরে অস্ট্রেলিয়া থেকে যব আমদানি স্থগিত করা হয়েছে। খবর রয়টার্স ও সিনহুয়া।

চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের পক্ষ থেকে বলা হয়েছে, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা পরপর কয়েকটি চালানের যবে ক্ষতিকারক পতঙ্গ পাওয়া গেছে। এ বিষয়ে অস্ট্রেলিয়া সরকার ও দেশটির রফতানিকারকদের আগেই সতর্ক করা হয়েছিল। এর পরও সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়েই অস্ট্রেলিয়ার বৃহত্তম কৃষিপণ্য রফতানিকারক প্রতিষ্ঠান সিবিএইচের কাছ থেকে আমদানির জন্য বুকিং দেয়া যবের চালান স্থগিত করা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে দ্বিপক্ষীয় বিরোধের জের ধরে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা যবের ওপর ৮০ শতাংশ শুল্কারোপ করে চীন। অস্ট্রেলিয়া সরকার দাবি করেছিল, চীন ইচ্ছাকৃতভাবে পুরো বিশ্বে নভেল করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছে। এ বিষয়ে চীনের বিরুদ্ধে বৈশ্বিক তদন্ত শুরুর দাবি নিয়েও সবচেয়ে বেশি সোচ্চার ছিল অস্ট্রেলিয়া। এর জের ধরে চীন-অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় বিরোধের সূত্রপাত।