চাইনিজ আকরিক লোহা ও ইস্পাতের ভবিষ্যৎ বাজারমূল্য বেড়েছে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের এক ঘোষণার পর এমনটা দেখা যায়। পিপলস ব্যাংক অব চায়না সম্প্রতি ঘোষণা দেয় কভিড-১৯ মহামারীর ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলো পুনরুদ্ধারে সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি গ্রহণ করবে। খবর বিজনেস রেকর্ডার।

শ্রমিক দিবস উপলক্ষে পাঁচদিনের ছুটির পর বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী দেশটির ব্যবসায়ীরা ইস্পাত উৎপাদনের কাঁচামাল আকরিক লোহার চাহিদা পূরণের ব্যাপারেও বেশ ইতিবাচক ছিল। এ সময় ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া সেপ্টেম্বরে বিক্রির জন্য আকরিক লোহার ভবিষ্যৎ চুক্তিমূল্য আগের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি দাঁড়িয়েছে। দিনের শেষে প্রতি টন আকরিক লোহার চুক্তিমূল্য দাঁড়ায় ৮৭১ ইউয়ান ৫০ ফেন (১৩১ ডলার ৭৪ সেন্ট)। বৃহস্পতিবার দিনের শুরুতে প্রতি টন আকরিক লোহার মূল্য দাঁড়ায় ৮৮১ ইউয়ান ৫০ ফেন, যা ২৫ এপ্রিলের পর সর্বোচ্চ। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া জুনে বিক্রির জন্য আকরিক লোহার ভবিষ্যৎ চুক্তিমূল্য বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। লন্ডন স্থানীয় সময় সকাল ৭টায় সিঙ্গাপুর এক্সচেঞ্জে প্রতি টন আকরিক লোহার চুক্তিমূল্য দাঁড়ায় ১৪৫ ডলার ১৫ সেন্ট।

সাংহাই ফিউচার এক্সচেঞ্জে নির্মাণকাজে ব্যবহূত স্টিল রিবারের দাম বেড়েছে ১ দশমিক ২ শতাংশ, হট রোলড কয়েলের দাম বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ এবং স্টেইলনেট স্টিলের দাম বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। এ সময় ডালিয়ান কুকিং কোলের দাম কমেছে দশমিক ২ শতাংশ, তবে কোল কোকের দাম বেড়েছে দশমিক ৬ শতাংশ।