২০২৫ সালের মধ্যে যৌথ উদ্যোগে বাজারে বিদ্যুচ্চালিত যানবাহন (ইভি) আনবে জাপানভিত্তিক বৃহৎ দুই প্রতিষ্ঠান সনি ও হোন্ডা মোটরস। পাশাপাশি ২০২৬ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রেও ইভি সরবরাহ করবে প্রতিষ্ঠান দুটি। এ কারণে চ্যালেঞ্জ গ্রহণ এবং জনগণের চাহিদা পূরণের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই সাধারণ মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করছে। খবর এপি।
হোন্ডা মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসুহিদ মিজুনো বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপানেও ২০২৬ সালে ইভি সরবরাহ করা হবে। ইভি ক্রয়ের জন্য আগাম ক্রয়াদেশ নেয়া শুরু হবে ২০২৫ সালে।
এর আগে চলতি বছরের মার্চে সনি গ্রুপ করপোরেশন এবং হোন্ডা মোটরস যৌথ উদ্যোগে বাজারে ইভি আনতে সম্মত হয়। ইভি উৎপাদনে হোন্ডা মোটরসের কারিগরি দক্ষতা, প্রযুক্তি ও বিক্রয় কার্যক্রমের সঙ্গে সনি গ্রুপের নেটওয়ার্ক, সেন্সর এবং বিনোদন কার্যক্রমের দক্ষতা একত্রিত করাও প্রতিষ্ঠান দুটির লক্ষ্য রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে হোন্ডা মোটরসের কারখানায় যৌথ উদ্যোগে ইভি উৎপাদন হবে। তবে এর মূল্য, মডেল, এতে কী ধরনের ব্যাটারি ব্যবহূত হবে এবং কত ইউনিট ইভি উৎপাদন হবে সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি প্রতিষ্ঠান দুটি। তবে কর্মকর্তারা জানান, ইভির মডেলগুলো আকর্ষণীয় হবে। তবে বিস্তৃতভাবে এটি বিক্রি করা হবে না।
টোকিওতে সাংবাদিকদের ইয়াসুহিদ মিজুনো আরো বলেন, ইভি উৎপাদনে একটি সম্পূর্ণ নতুন পদ্ধতি গ্রহণের প্রয়োজন ছিল এবং আমরা সেটিই গ্রহণ করেছি। এ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠান দুটির হার্ডওয়্যার ও সফটওয়্যারগুলোকে একত্রিত করে সামনে চলার জন্য সন্তোষজনক অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইভির জনপ্রিয়তা থাকায় ইভি উদ্বোধনের জন্য দেশটিকে বেছে নেয়া হয়েছে। এজন্য জাপান হোন্ডার হোম মার্কেট হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে ইউরোপসহ অন্যান্য দেশে ইভি চালুর সুনির্দিষ্ট সময় এখনো ঠিক করা হয়নি। এদিকে সনি গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা ইজুমি কাওয়ানিশি বলেন, যৌথ উদ্যোগটির সঙ্গে অংশীদারদেরও যুক্ত করা হবে।
জলবায়ু পরিবর্তন এবং টেকসই পরিবেশ বিষয়ে দিন দিন উদ্বেগ বাড়লেও বিশ্বব্যাপী শূন্য কার্বন নিঃসরণ যানবাহনের চাহিদা বৃদ্ধি পাবে। প্লেস্টেশন ভিডিও গেম কনসোল তৈরির পাশাপাশি সিনেমা এবং গানের ব্যবসা রয়েছে সনি গ্রুপের। দুই বছর আগে লাস ভেগাসে সিইএস গ্যাজেট শোতে ইভি উৎপাদনের ধারণা প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। আর এটি উৎপাদন করতে একজন অংশীদারের প্রয়োজন ছিল বলেও জানায় সনি।










