গবেষণা, উদ্ভাবন এবং নীতি সহায়তার মাধ্যমে দেশের বেসরকারি খাতকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে এফবিসিসিআইয়ের ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার।
রোববার (১ অক্টোবর) রাতে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
উদ্বোধন শেষে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পরিষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সেন্টারের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন।
তিনি জানান, দেশের চলমান অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এফবিসিসিআই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার। যেখানে এগ্রি বিজনেস, লাইট ইঞ্জিনিয়ারিং, সার্কুলার ইকোনমিকসহ বিভিন্ন খাতের জন্য দক্ষ জনবল এবং উদ্যোক্তা তৈরি করা হবে।
এ সময় সালমান এফ রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত খুবই সময়োপযোগী। দক্ষ উদ্যোক্তা এবং মানবসম্পদ তৈরির জন্য প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ংসম্পুর্ণ ইন্সটিটিউট হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালনা পর্ষদের সদস্য শমী কায়সার, আবুল কাসেম খান, মোহাম্মদ আলী খোকন, শামিম আহমেদ, নাদিয়া বিনতে আমিনসহ এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্যরা।










