পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৫ এপ্রিল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে ব্যাংকটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ৪২ পয়সা বা ৯১ দশমিক ৩০ শতাংশ। আর আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২৭ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ের ব্যবধানে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়েছে ২০ পয়সা বা ৮ দশমিক ৮১ শতাংশ। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৫ টাকা ৬২ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১ টাকা ৬১ পয়সা।










